রাজধানী
যেকোনো সময় যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ আরও তীব্র হয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে।
শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে কাউকে ‘নিরাপদ প্রস্থান’ করতে দেওয়া হবে না। পরিস্থিতির প্রেক্ষিতে যেকোনো সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও তিনি জানান।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদের শনাক্তের দাবিতে স্লোগান দিতে থাকেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনকারীদের অভিযোগ, হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় সরকার গড়িমসি করছে, যা শহিদদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, যারা মনে করছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে চলে যাবেন, তাদের সে ধারণা ভুল। রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণই তাদের বিচার করবে।
তিনি আরও দাবি করেন, প্রায় ১ হাজার ৪০০ শহিদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসা বর্তমান সরকার এখনো হত্যাকারীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে, যা জনগণের ম্যান্ডেটের সঙ্গে সাংঘর্ষিক।
হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় কারা বাধা সৃষ্টি করছে—সে প্রশ্ন তুলে জাবের বলেন, খুনের সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করা হোক। তিনি যোগ করেন, বিচার নিশ্চিত করতে পারলে আন্দোলনকারীরাই নিরাপত্তা দেবে, কিন্তু ব্যর্থ হলে সরকারকে এর জবাবদিহি করতে হবে।