অর্থনীতি

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি চায় বাংলাদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি চায় বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে দুই প্রতিবেশী দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা ও দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ রবিবার (০২ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ প্রস্তাব উত্থাপন করেন। বৈঠকে তিনি বলেন, দেশে প্রাকৃতিক গ্যাসের চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদা পূরণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির বিষয়ে বাংলাদেশ বিশেষ আগ্রহী।

জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত প্রস্তাবটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। তিনি পাইপলাইনের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আকারেও বাংলাদেশে গ্যাস সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেন। জ্বালানিমন্ত্রীও এ প্রস্তাবকে স্বাগত জানান।

বৈঠকে অতীতে আলোচিত মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থাপনের পরিকল্পনা নতুন করে বিবেচনার বিষয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে দুই দেশের জ্বালানি মন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের প্রস্তাব দেন ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে তিনি মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর কথা বলেন এবং প্রয়োজনে নিজেও মিয়ানমার সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের প্রসঙ্গ তুলে জ্বালানিমন্ত্রী বলেন, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে দুই দেশের মধ্যে গ্যাস পাইপলাইন স্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রদূত জানান, বিষয়টি এগিয়ে নিতে বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা করা যেতে পারে।

সাক্ষাৎকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।