শিক্ষা
রোববার সকাল ১০টায় এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে আগামী রোববার, ১০ আগস্ট। সকাল ১০টা থেকেই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে বলে নিশ্চিত করেছে বোর্ড কর্তৃপক্ষ।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলাফল দেখতে শিক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd)-এ গিয়ে নিজের রোল নম্বর ব্যবহার করতে হবে।
এর আগে, ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষণের জন্য আবেদন নেওয়া হয়। টেলিটক মোবাইলের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিয়ে এই আবেদন করেন শিক্ষার্থীরা।
এবার ঢাকা বোর্ডে পুনঃমূল্যায়নের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মোট আবেদন করেছেন ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী, আর চ্যালেঞ্জ করা খাতার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি। গত বছরের তুলনায় এবারের আবেদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে—প্রায় ২১ হাজার শিক্ষার্থী ও ৪০ হাজার খাতা বেশি পুনঃমূল্যায়নের অনুরোধ এসেছে।
বোর্ড সূত্র বলছে, সবচেয়ে বেশি পুনঃমূল্যায়নের আবেদন পড়েছে গণিত বিষয়ের খাতায়—সংখ্যাটি ৪২ হাজার ৯৩৬। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে আবেদন জমা পড়েছে ১৯ হাজার ৬৮৮টি করে। পদার্থবিজ্ঞান ও বাংলা প্রথম-দ্বিতীয় পত্রেও আবেদনসংখ্যা ছিল উল্লেখযোগ্য। তবে চারু ও কারুকলা বিষয়ে আবেদন ছিল মাত্র ৬টি।
তবে অনেকেরই ভুল ধারণা রয়েছে পুনঃনিরীক্ষণ নিয়ে। এটি কোনোভাবে খাতা নতুন করে দেখা বা নম্বর বাড়ানোর প্রক্রিয়া নয়। মূলত খাতায় প্রদত্ত নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কিনা, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কিনা বা ওএমআর শিটে কারিগরি কোনো ভুল হয়েছে কিনা—এই বিষয়গুলো যাচাই করা হয়। কেবল ত্রুটি পাওয়া গেলে ফল সংশোধন করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তাদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী।