শিক্ষা
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন সুযোগ, ফলাফল খারাপ হলে খাতা চেক করতে পারবেন নিজেই
আগামীকাল দেশজুড়ে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হলে শিক্ষার্থীরা ট্যাবুলেশন শিটের পাশাপাশি নিজ নিজ পরীক্ষার খাতাও পর্যালোচনা করার সুযোগ পাবে।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, পরীক্ষার ফলাফল নিয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যমে ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য দূর করতে সরকার কাজ করছে। ফরম পূরণের পর যাতে কোনো পরীক্ষার্থী ঝরে না পড়ে, সে বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সংক্রান্ত আইনে কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে।
এছাড়া পরীক্ষকদের মূল্যায়ন প্রক্রিয়া নিয়েও নজরদারি থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষকরা নির্দেশনা ও প্রশিক্ষণ অনুযায়ী খাতা মূল্যায়ন করেছেন কিনা তা যাচাই করতে সব বোর্ড থেকে নমুনা খাতা সংগ্রহ করে পর্যালোচনা করা হবে।