শিক্ষা

বন্যায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের বিষয়ে যে সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম

বন্যায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের বিষয়ে যে সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি, তাদের জন্য বিশেষ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখ ও সময়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এ দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তবে সাম্প্রতিক ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচটি জেলার পরীক্ষা স্থগিত করা হয়।

জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষার্থী প্রতিকূল পরিস্থিতির কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি।

তিনি জানান, যারা অনিবার্য কারণে কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে নির্ধারিত একই দিনে পরীক্ষা দিতে পারবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।

এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, দায়ীদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই বিষয়ের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।