শিক্ষা
কর্মসূচি শেষে শিক্ষা ভবন এলাকা ছাড়ল শিক্ষার্থীরা, খুলল সড়ক
কর্মসূচি শেষে শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়কে আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল প্রায় ৫টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করেন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রব্বানী হোসেন জানান, শিক্ষার্থীরা সরে যাওয়ার পরই সড়কটি খুলে দেওয়া হয়েছে।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী এ কে এম রিয়াজুল বলেন, আগামীকাল পরীক্ষা থাকায় আপাতত কর্মসূচি শেষ করা হয়েছে। তবে তাদের দাবি এখনও বহাল রয়েছে।
রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় অবস্থিত। নিরাপত্তার কারণে সড়কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে শিক্ষার্থীরা সরে গেলে ব্যারিকেড তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
তিনি আরও বলেন, আন্দোলনে শিক্ষার্থীদের বাইরে অন্য কেউ যুক্ত হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রমাণ ছাড়া এ বিষয়ে মন্তব্য করা ঠিক নয়।
উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালু রাখার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।