বিনোদন
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: ক্ষোভ ঝাড়লেন পপি
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। মিষ্টি হাসি, অভিনয় দক্ষতা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেলেও দর্শকের কাছে এখনো জনপ্রিয় এই অভিনেত্রী।
বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পপি। ১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন তিনি।
অভিনয়জীবনের শুরুর দিকে প্রায় সব জায়গাতেই পপির সঙ্গে তার মাকে দেখা যেত। তবে সাম্প্রতিক সময়ে মায়ের সঙ্গে তার দূরত্বের বিষয়টি সামনে এসেছে। পপির মা বিভিন্ন গণমাধ্যমে মেয়েকে নিয়ে নানা অভিযোগও করেছেন।
এরই মধ্যে পপি জানিয়েছেন, সৎমা কখনো আপন হয় না। সিনেমাজগতে প্রবেশের ক্ষেত্রে যিনি তাকে সহযোগিতা করেছিলেন, গণমাধ্যমে তাকেই সৎমা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী।
কান্নাজড়িত কণ্ঠে পপি বলেন, ‘৩০ বছর কষ্ট করেছি। কখনো আমার কষ্ট তারা উপলব্ধি করেনি। আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে। তাদের চাহিদার শেষ ছিল না। যত পেয়েছে, ততই চাহিদা বেড়েছে।’
অভিনেত্রী আরও বলেন, ‘সৎমার সংসার থেকে যে পরিমাণ আঘাত পেয়েছি, সেই ধকল এখনো কাটিয়ে উঠতে পারিনি।’