বিনোদন

৬০ বছর বয়সে আবারও প্রেমে মজেছেন আমির খান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম

৬০ বছর বয়সে আবারও প্রেমে মজেছেন আমির খান
আমির খান। ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’ দিয়ে পর্দায় ফিরেছেন আমির খান। তাঁর ব্যক্তিগত জীবনেও আছে নতুন খবর—নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেতা।

গতকাল শনিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে হাজির হয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন আমির।  

চলতি বছরের মার্চে নিজের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আমির খান। এদিনের অনুষ্ঠানে তিনি বলেন, ৬০ বছর বয়সে যে আবার প্রেমের দেখা পাবেন, সেটা তিনি নিজেও ভাবেননি।

amir khan 1.jpg
আমির খান। ছবি: সংগৃহীত

তিনি কথা বলেন নিজের দুই সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে। আমির বলেন, ‘রীনা অসাধারণ একজন মানুষ। স্বামী-স্ত্রী হিসেবে আমরা আলাদা হয়েছি ঠিকই, কিন্তু মানুষ হিসেবে আমাদের ভাঙন ঘটেনি। কিরণও একই রকম।

বিবাহবন্ধন থেকে আমরা সরে এসেছি, কিন্তু সম্পর্কটা মানুষ হিসেবে আলাদা হয়নি। রীনা, তার বাবা-মা, কিরণ আর তার বাবা-মা—আমার বাবা-মা সহ আমরা আসলে একটা বড় পরিবার।’

অনুষ্ঠানে সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, তিনি কি কখনো ভেবেছিলেন আবার নতুন সম্পর্কে জড়াবেন? আমির সোজাসাপটা জবাব দেন, ‘না, ভাবিনি। আমি এমন একটা পর্যায়ে পৌঁছেছিলাম, যখন মনে হতো আর কারও সঙ্গে জীবনের সঙ্গী হিসেবে নিজেকে মানিয়ে নিতে পারব না।

কিন্তু একেবারেই অপ্রত্যাশিতভাবে গৌরীকে পেয়েছি। সে আমার জীবনে অনেক শান্তি, স্থিরতা নিয়ে এসেছে। দারুণ এক মানুষ সে; তাকে পেয়ে আমি খুব ভাগ্যবান।’