বিনোদন

৫০০ পাউরুটি দিয়ে তৈরি পোশাকে রেড কার্পেটে চমক তারকার


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০২:১০ পিএম

৫০০ পাউরুটি দিয়ে তৈরি পোশাকে রেড কার্পেটে চমক তারকার
মার্সি আটাং। ছবি: সংগৃহীত

আফ্রিকার অন্যতম বড় বিনোদন ও ফ্যাশন আয়োজন ‘আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস’ (এএমভিসিএ)-এর ১২তম আসরে এবার নজর কেড়েছেন রিয়েলিটি টিভি তারকা মার্সি আটাং। নাইজেরিয়ার লাগোসে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি হাজির হন সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি গাউনে, যা তৈরি করা হয়েছিল ৫০০টিরও বেশি আসল পাউরুটি দিয়ে।

বিবিসির তথ্য অনুযায়ী, পোশাকটি এতটাই ভারী ও বড় ছিল যে সেটি পরতে ও বহন করতে তাকে কয়েকজন সহকারীর সহায়তা নিতে হয়। রেড কার্পেটে উপস্থিত থাকার সময় তার সঙ্গে থাকা সহকারীদের হাতেও রুটি বহন করতে দেখা যায়।

এই অদ্ভুত ও নজরকাড়া পোশাকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। একদিকে অনেকেই এটিকে সৃজনশীল ও সাহসী ফ্যাশন আইডিয়া হিসেবে প্রশংসা করেন, অন্যদিকে খাবার অপচয়ের অভিযোগ তুলে সমালোচনাও করেন অনেকে।

তবে এক সাক্ষাৎকারে মার্সি আটাং জানান, এটি কেবল আলোচনায় আসার জন্য নয়, বরং তার নিজস্ব বেকারি ব্যবসার প্রচারের উদ্দেশ্যেই এমন ধারণা বাস্তবায়ন করা হয়েছে। পোশাকটির ডিজাইনার টয়িন লাওয়ান বলেন, ফ্যাশনের মাধ্যমে ব্যক্তিগত ব্র্যান্ড ও ব্যবসাকে উপস্থাপন করাই ছিল মূল লক্ষ্য, যা নতুন ধরনের ট্রেন্ড তৈরি করতে পারে।

বিতর্ক থাকলেও এই আয়োজন আবারও তুলে ধরেছে আফ্রিকার ফ্যাশন জগতের সৃজনশীলতা, সাহসী ভাবনা এবং ব্যতিক্রমী উপস্থাপনার ধারা।