পরিবেশ-জলবায়ু
ভ্যাপসা গরমে স্বস্তি মিলতে পারে সপ্তাহের শেষে: আবহাওয়া অফিস
বৃষ্টিহীন আবহাওয়ার কারণে টানা কয়েক দিন ধরে রাজধানীসহ সারাদেশে ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ। তবে এবার কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে, যা গরম কমাতে সহায়ক হবে।
সোমবার (২০ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী— সোমবার ও মঙ্গলবার: চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
বুধবার: বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার: ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
শুক্রবার: রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, যা ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।