পরিবেশ-জলবায়ু

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পিএম

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত
ছবি: সংগৃহীত

আজ রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনভর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে শনিবার (২০ ডিসেম্বর) সকালে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তবে ঢাকার দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ।

সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এছাড়া দেশের অন্যত্রও তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।