স্বাস্থ্য
সরকারি ওয়েবসাইটে আওয়ামী লীগের জাহিদ মালেক এখনও স্বাস্থ্যমন্ত্রী!
আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা (মন্ত্রী পদ মর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন নুরজাহান বেগম। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (NILMRC) ওয়েবসাইটে এখনও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জাহিদ মালেককে দেখা যাচ্ছে।
এই প্রতিষ্ঠানটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এবং স্বল্পমূল্যে উন্নতমানের রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করে। রোববার (৯ নভেম্বর) NILMRC-এর ওয়েবসাইটে (https://nilmrc.portal.gov.bd) ঢুকে দেখা যায়, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জাহিদ মালেকের নাম এখনও শীর্ষে আছে।
শুধু জাহিদ মালেক নয়, ওয়েবসাইটে স্বাস্থ্য সচিব হিসেবে এখন সাবেক ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমের নামও অপরিবর্তিত রয়েছে। এছাড়া কভার ছবিতে রয়েছে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।
জাহিদ মালেক ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৯ সালে মানিকগঞ্জ-৩ আসন থেকে পুনঃনির্বাচিত হন। ২০১৪ সালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নেন এবং ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত এই পদে ছিলেন।
নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পরও সরকারি ওয়েবসাইটে তথ্য হালনাগাদ না হওয়ায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।