স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৫:১১ পিএম

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই
হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই। ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৪ শিশু।

মঙ্গলবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৫০৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯০ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৪ জনে।

এদিকে গত এক দিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪২ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯২ জন। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০৪ শিশু, আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৯০ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৭৩ হাজার ৩৬২ জন। এর মধ্যে পরীক্ষায় ৯ হাজার ১৩৬ জনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫৯ হাজার ১০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৫৪ হাজার ৮১২ জন।