সারাবিশ্ব

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পিএম

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অবস্থানরত আলোচিত ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেন, জাকির নায়েকের বিষয়টি আলোচনায় অবশ্যই এসেছে। দুই দেশের স্বার্থ বিবেচনায় বিষয়টি এত দিন গোপন রাখা প্রয়োজন ছিল। তবে পারস্পরিক আস্থা ও দুই দেশের সম্পর্ক আরও জোরদার করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ভারতের দাবি তারা বুঝতে পারছেন। তবে এ বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বও বিবেচনা করতে হবে।

ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। বর্তমানে তিনি মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন। ২০১৬ সালে ভারতীয় কর্তৃপক্ষ জাকির নায়েক, তার প্রতিষ্ঠান ইসলামি রিসার্চ ফাউন্ডেশন এবং পিস টিভির বিরুদ্ধে তদন্ত শুরু করার পর তিনি মালয়েশিয়ায় চলে যান। পরে সেখানে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়।

ভারত দীর্ঘদিন ধরে আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। তবে মালয়েশিয়া জানিয়েছে, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হলে তারা এ বিষয়ে সহযোগিতা করতে পারে।

এর আগে পর্যাপ্ত প্রমাণের অভাব দেখিয়ে জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে অস্বীকৃতি জানিয়েছিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।