সারাবিশ্ব

স্পেনে দুই হাই-স্পিড ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ এএম

স্পেনে দুই হাই-স্পিড ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১
ছবি: সংগৃহীত

স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনের বেশি, যাদের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কর্দোবা শহরের কাছে দুটি দ্রুতগামী (হাই-স্পিড) ট্রেনের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এসব তথ্য জানানো হয়েছে।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে সোমবার জানান, গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। তিনি বলেন, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি থাকলেও সর্বশেষ তথ্যে মৃতের সংখ্যা ২১ জন বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে কয়েকটি গণমাধ্যমে নিহতের সংখ্যা ২৫ বলা হয়েছিল।

স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাই-স্পিড ট্রেন কর্দোবা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আদামুজ এলাকার কাছে অজ্ঞাত কারণে লাইনচ্যুত হয়। ওই ট্রেনে ৩১৭ জন যাত্রী ছিলেন। লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটি পাশের লাইনে চলাচলরত মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি দ্রুতগামী ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর আন্দালুসিয়া অঞ্চলের জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসায় স্থানীয় বাসিন্দারাও এগিয়ে আসেন। উদ্ধার অভিযানে স্পেনের সামরিক জরুরি ইউনিটও অংশ নেয়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, “এই মর্মান্তিক রেল দুর্ঘটনার কারণে দেশ আজ গভীর শোক ও বেদনায় নিমজ্জিত।” একই সঙ্গে স্পেনের রাজপরিবার নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো পুরোপুরি শেষ না হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনাকবলিত রুটে অন্তত মঙ্গলবার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, স্পেনে এর আগে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে ২০১৩ সালে। সে সময় একটি ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান ৭৯ জন।