সারাবিশ্ব
যুক্তরাষ্ট্র থেকে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে মিশর
যুক্তরাষ্ট্র মিশরের কাছে প্রায় ৪.৬৭ বিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) পেন্টাগনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রস্তাবিত এই চুক্তির আওতায় মিশর পাচ্ছে ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (NASAMS)। এই ব্যবস্থায় থাকবে চারটি এন/এমপিকিউ-৬৪ সেনটিনেল রাডার, কয়েক শতাধিক ক্ষেপণাস্ত্র এবং এক ডজনের বেশি গাইডেন্স ইউনিট।
উল্লেখ্য, NASAMS একটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্র ও নরওয়ের যৌথভাবে তৈরি। এটি যুদ্ধবিমান, ড্রোন এবং ক্রুজ মিসাইল ঠেকাতে সক্ষম। এই অস্ত্র ব্যবস্থা ইউক্রেন, নরওয়ে, নেদারল্যান্ডস, ফিনল্যান্ডসহ আরও অনেক দেশের সশস্ত্র বাহিনী ব্যবহার করে থাকে।
চুক্তির অংশ হিসেবে, মিশরের সামরিক বাহিনীকে প্রযুক্তিগত, প্রকৌশল ও লজিস্টিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও বেসরকারি ঠিকাদাররা।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (DSCA) জানিয়েছে, এই অস্ত্র বিক্রয় মার্কিন পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি মিশরের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছে সংস্থাটি।
মিশরকে যুক্তরাষ্ট্র "নন-ন্যাটো প্রধান মিত্র" হিসেবে বিবেচনা করে থাকে। তাই এ ধরনের প্রতিরক্ষা সহযোগিতা দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও দৃঢ় করবে বলে বিশ্লেষকদের অভিমত।
চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে ম্যাসাচুসেটস ভিত্তিক আরটিএক্স করপোরেশন, যা প্রতিরক্ষা ও এভিয়েশন প্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান।
ডিএসসিএ জানিয়েছে, বিক্রির প্রস্তাবিত অনুমোদনের নথিপত্র ইতোমধ্যে মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর শিগগিরই কার্যকর হবে এই বিশাল অস্ত্র চুক্তি।
সূত্র: আল জাজিরা