সারাবিশ্ব
দোহায় ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় কাতারের আমির
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় অংশ নিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দোহায় ইমাম আব্দুল ওয়াহাব মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।
৯ সেপ্টেম্বর হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় সৌভাগ্যক্রমে নেতারা রক্ষা পেলেও প্রাণ হারান ৬ জন। নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন ফিলিস্তিনি, যাদের মরদেহ ফিলিস্তিনের জাতীয় পতাকায় মোড়ানো হয়। অপরজন ছিলেন কাতার সেনাবাহিনীর সদস্য কর্পোরাল বদর সাদ মোহাম্মদ আল-হুমাইদি আল দোসারি, যাকে কাতারের পতাকায় মোড়ানো হয়।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের দাফন করা হবে মিসাইমির কবরস্থানে।
নিহতদের মধ্যে হামাস নেতা খলিল আল-হায়ার পুত্রও রয়েছেন। ধারণা করা হচ্ছে, মূলত খলিলসহ অন্যান্য শীর্ষ নেতাদের টার্গেট করেই ইসরায়েল এ হামলা চালায়।
এই ঘটনার পর কাতারের আমির এক সাক্ষাৎকারে সিএনএনকে বলেন, খলিল আল-হায়া নিহত হয়েছেন কিনা তা সম্পর্কে তিনি নিশ্চিত নন। এছাড়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতিতে কাতারের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েও নতুন করে চিন্তা-ভাবনা করছেন বলে জানান।
তিনি আরও বলেন, দোহায় এমন একটি হামলার ঘটনায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে।