সারাবিশ্ব

দীর্ঘদিন পর খুলছে গাজার রাফাহ সীমান্ত, আগামী সপ্তাহেই চলাচল শুরু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

দীর্ঘদিন পর খুলছে গাজার রাফাহ সীমান্ত, আগামী সপ্তাহেই চলাচল শুরু
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সামরিক অভিযানের কারণে দীর্ঘদিন ধরে কার্যত অচল হয়ে থাকা গাজার রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার (২৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে এ ঘোষণা দেন গাজা প্রশাসনের দায়িত্বে থাকা ফিলিস্তিনি টেকনোক্র্যাট নেতা আলি শাথ। অনুষ্ঠানটি আয়োজন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আলি শাথ জানান, আগামী সপ্তাহ থেকেই মিশর ও গাজার মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং উভয় দিকের যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে। তিনি বলেন, রাফাহ কেবল একটি সীমান্ত পথ নয়, এটি গাজার মানুষের জন্য আশা ও সম্ভাবনার নতুন দ্বার।

তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত খুলে দেওয়ার অর্থ গাজাবাসীর জন্য মানবিক ও জীবনধারণের নতুন সুযোগ সৃষ্টি হওয়া। তবে এ ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৪ সাল থেকে রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও, মানবিক সহায়তা প্রবেশ এবং গুরুতর অসুস্থ রোগীদের গাজা ছাড়ার সুযোগ দিতে সীমান্ত পুনরায় চালু করার বিষয়ে ইসরায়েল দীর্ঘদিন ধরে গড়িমসি করে আসছিল।

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে গাজার অর্ধেকের বেশি অঞ্চল এখনো ইসরায়েলি দখলে রয়েছে। এর মধ্যে রাফাহ সীমান্তসংলগ্ন এলাকাও অন্তর্ভুক্ত রয়েছে।