সারাবিশ্ব
মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি আইআরজিসির, বহু সেনা নিহতের দাবি
পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে (আইআরজিসি)। সংস্থাটির দাবি, এ হামলায় বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে। তবে এসব তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম Press TV-এর বরাতে জানানো হয়, ‘অপারেশন ট্রু প্রমিস-৪’-এর অংশ হিসেবে আইআরজিসির নৌ ইউনিটগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই উপকূল ও আল-শুয়ুখ বন্দরের আশপাশে অবস্থানরত মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হাইব্রিড হামলা চালায়।
আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে, অভিযানে যুক্তরাষ্ট্রের ছয়টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি (LCU) জাহাজে আঘাত হানা হয়েছে। এতে কদর-৩৮০ ক্রুজ মিসাইলসহ বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তাদের দাবি অনুযায়ী, তিনটি যুদ্ধজাহাজ ডুবে গেছে এবং বাকি তিনটিতে আগুন জ্বলছে।
এছাড়া দুবাই উপকূলে অবস্থিত একটি মার্কিন ড্রোন ইউনিটের অবস্থান ও একটি হোটেল লক্ষ্য করে কামিকাজে (আত্মঘাতী) ড্রোন হামলার কথাও বলা হয়েছে। এতে “বিপুল সংখ্যক” মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
তবে আন্তর্জাতিক গণমাধ্যম বা যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এসব দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে উভয় পক্ষের প্রচারযুদ্ধে এ ধরনের দাবি যাচাই ছাড়া গ্রহণ করা উচিত নয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-এর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান চালিয়ে আসছে। এর জবাবে ইরানও বিভিন্ন স্থানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ফলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।