সারাবিশ্ব

লেবাননে হামলা করায় ইসরায়েলকে অবশ্যই ‘শায়েস্তা’ করা হবে: ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:০৭ পিএম

লেবাননে হামলা করায় ইসরায়েলকে অবশ্যই ‘শায়েস্তা’ করা হবে: ইরান
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবানন ও রাজধানী বৈরুতে ইসরায়েলের ধারাবাহিক হামলার জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলকে অবশ্যই ‘শায়েস্তা’ করা হবে।

রোববার (৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গালিবফ বলেন, ইরান শুধু কূটনৈতিক আলোচনা থেকে সরে দাঁড়াবে না, প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে সরাসরি সংঘর্ষেও জড়াতে প্রস্তুত। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচনা করে অভিযোগ করেন, তারা যুদ্ধবিরতিতে আন্তরিক নয় এবং সংলাপেও আস্থা রাখে না।

তার ভাষ্য, লেবানন ইস্যুতে নৌ অবরোধ ও বিভিন্ন চুক্তি লঙ্ঘনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রমাণ করেছে যে তারা কেবল শক্তির ভাষাই বোঝে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গালিবফ আরও বলেন, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়ার কারণে এই অঞ্চলে মার্কিন ও তাদের মিত্রদের ঘাঁটি এবং সম্পদ এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এর আগে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।