সারাবিশ্ব
ইসরায়েলের কারাগারে ৪০ বছর কাটানো ফিলিস্তিনি নেতা মাহের ইউনিসের মৃত্যু
ইসরায়েলের কারাগারে টানা চার দশক বন্দি থাকার পর মুক্তি পাওয়া ফিলিস্তিনি নেতা ও সাবেক বন্দি মাহের আবদুল লতিফ ইউনিস মারা গেছেন। রোববার ভোরে ৬৮ বছর বয়সে তার মৃত্যু হয়।
ফিলিস্তিনি বন্দি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ মাহের ইউনিসের জানাজা তার নিজ শহর আরা গ্রামে জোহরের নামাজের পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফিলিস্তিনি ইতিহাসে দীর্ঘতম সময় ইসরায়েলের কারাগারে থাকা বন্দিদের একজন হিসেবে বিবেচিত মাহের ইউনিস মাত্র ২৫ বছর বয়সে গ্রেফতার হন। এরপর টানা ৪০ বছর কারাভোগের পর ২০২৩ সালের ১৯ জানুয়ারি তিনি মুক্তি পান।
১৯৮৩ সালের ১৮ জানুয়ারি ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করে। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে অংশগ্রহণ এবং ফাতাহ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। একই সময় তার চাচাতো ভাই কারিম ইউনিস এবং আরেক ফিলিস্তিনি সামি ইউনিসকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মাহের ইউনিস। শুরুতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও এক মাস পর তা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে ২০১২ সালে সেই সাজা কমিয়ে নির্দিষ্ট ৪০ বছরের কারাদণ্ডে রূপান্তর করা হয়।
দীর্ঘ বন্দিজীবনে ব্যক্তিগতভাবেও একাধিক শোকের মুখোমুখি হন তিনি। ২০০৮ সালে কারাগারে থাকা অবস্থায় তার বাবা মারা যান। তার পিতাও এর আগে ইসরায়েলের কারাগারে আট বছর বন্দি ছিলেন।
১৯৫৮ সালের ৬ জানুয়ারি আরা গ্রামে জন্মগ্রহণ করেন মাহের ইউনিস। স্থানীয়ভাবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে পরে হাদেরার একটি শিল্প শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন।
দীর্ঘ কারাবাসের কারণে মাহের ইউনিস ফিলিস্তিনি বন্দিদের অধিকার ও সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিতি পান। তার মৃত্যুতে ফিলিস্তিনি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।