সারাবিশ্ব

দাবানলে পুড়ছে গ্রিসের ক্রিট দ্বীপ, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৮:৫১ এএম

দাবানলে পুড়ছে গ্রিসের ক্রিট দ্বীপ, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী
ছবি: সংগৃহীত

গ্রিসের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রিট দ্বীপে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে।  দ্বীপটির ইরাপেত্রা পৌরসভার নিকটবর্তী এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে, বনভূমি গ্রাস করে এবং ঘরবাড়ি, জ্বালানি স্টেশনসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়ে।

গ্রিসের দমকল বিভাগ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অন্তত ছয়টি এলাকা থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, আগুনের সম্মুখভাগ ৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা নিয়ন্ত্রণ প্রচণ্ড কঠিন করে তুলেছে। ঘন ধোঁয়ার কারণে অনেক জায়গায় দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে এসেছে।

আগুন ছড়িয়ে পড়েছে লাসিথির আচলিয়া থেকে ১০ কিলোমিটার দূরের মাক্রি গিয়ালোস সমুদ্রসৈকত পর্যন্ত। ওই এলাকায় দমকল কর্মীরা প্রাণপণে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

আগিয়া ফোটিয়া অঞ্চলের প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। একই সঙ্গে বাতাসের নিম্নমান, তীব্র তাপ ও ছাই পড়ার কারণে স্থানীয়দের অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকতে বলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগুনে আগিয়া ফোটিয়ায় বেশ কয়েকটি ঘরবাড়ি ও হোটেল পুড়ে গেছে। ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত চারজন বয়স্ক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংকট মোকাবিলায় গ্রিসের স্বাস্থ্য মন্ত্রণালয় ক্রিটের হাসপাতালগুলোকে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে।

এছাড়া, দাবানল ফেরমা পৌরসভাতেও ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন হোটেল ও বসতবাড়ি থেকে মানুষ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

গ্রিসের দমকল কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে ৩৮টি ইঞ্জিন, জলবাহী ট্রাক ও ৪টি হেলিকপ্টার, ৮টি বিশেষায়িত পদাতিক দল এবং ১৫৫ জন দমকলকর্মী কাজ করছে। পরিস্থিতি সামাল দিতে রাজধানী এথেন্স থেকে অতিরিক্ত সহায়তা ও বিমান পাঠানো হচ্ছে।

এক দমকল কর্মী রয়টার্সকে বলেন, “আগুনের ভয়াবহতা চরম পর্যায়ে। এখনো তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঝড়ো বাতাস ও পার্বত্য ভূপ্রকৃতি আমাদের কাজ কঠিন করে তুলছে।”

উল্লেখ্য, ইউরোপের দক্ষিণে অবস্থিত গ্রিসে গ্রীষ্মকালে গরম ও শুষ্ক আবহাওয়া দাবানলের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। দেশের পরিবেশ বিশেষজ্ঞ ও কর্তৃপক্ষের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক দাবানলগুলো আরও প্রচণ্ড ও ধ্বংসাত্মক রূপ নিচ্ছে।