সারাবিশ্ব
সীমান্তে ৩০ আফগান ‘জঙ্গি’ হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর
আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে অন্তত ৩০ জন ‘জঙ্গি’কে হত্যা করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির উত্তর ওয়াজিরিস্তান সীমান্ত অঞ্চলে গত তিন দিন ধরে চলা অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার (৪ জুলাই) পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, নিহত ব্যক্তিরা পাকিস্তান তালেবান (টিটিপি) কিংবা তাদের সহযোগী জঙ্গি সংগঠনের সদস্য। তারা সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে হামলার চেষ্টা করছিল।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, “নিরাপত্তা বাহিনী চরম পেশাদারিত্ব ও সতর্কতার পরিচয় দিয়ে একটি বড় ধরনের বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।”
এছাড়াও, বিবৃতিতে ভারতের দিকেও অভিযোগের আঙুল তোলা হয়। বলা হয়, এসব জঙ্গি তৎপরতায় ভারতের প্রত্যক্ষ মদদ রয়েছে।
প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগেই একই সীমান্ত এলাকায় আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১৬ জন সেনা প্রাণ হারান। ওই ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে দেশটির সেনাবাহিনী।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে সেনাবাহিনীর এই সাফল্যের প্রশংসা করে বলেন, “আমরা সন্ত্রাসবাদকে দেশের মাটি থেকে সম্পূর্ণ নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ।”
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতেও ভারতের প্রতি অভিযোগ এনে বলা হয়, দক্ষিণ এশিয়ার এই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীরা প্রায়ই একে অপরকে নিজেদের ভূখণ্ডে জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ করে আসছে।
এই ঘটনার মধ্য দিয়ে সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা আরও এক ধাপ বেড়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।