সারাবিশ্ব

শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন যাচ্ছেন পুতিন-কিমসহ ২৬ দেশের রাষ্ট্রপ্রধান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৪:৪১ পিএম

শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন যাচ্ছেন পুতিন-কিমসহ ২৬ দেশের রাষ্ট্রপ্রধান
ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিং সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন তারা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই কুচকাওয়াজে পুতিনসহ বিশ্বের ২৬টি দেশের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কোনো গুরুত্বপূর্ণ নেতা থাকছেন না। ধারণা করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানের বিরোধিতার কারণেই তারা এই আয়োজনে অংশ নিচ্ছেন না।

এই সফরের মাধ্যমে ২০১১ সালে ক্ষমতায় আসার পর বহুপাক্ষিক কোনো আন্তর্জাতিক আয়োজনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পাশাপাশি ২০১৯ সালের পর এই প্রথম তিনি চীন সফর করছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, শি জিনপিংয়ের আমন্ত্রণেই এই সফরে যাচ্ছেন কিম। তবে তিনি চীনে কতদিন থাকবেন কিংবা কার সঙ্গে বৈঠক করবেন, তা এখনো জানানো হয়নি।

চীন-জাপান যুদ্ধের ৮০ বছর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি স্মরণে আয়োজিত এই আয়োজনে আরও উপস্থিত থাকবেন ইরান, কিউবা, সার্বিয়া, বেলারুশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া এবং মিয়ানমারের নেতারা। কুচকাওয়াজে চীনের আধুনিক সামরিক শক্তির প্রদর্শনীও হবে এবং প্রেসিডেন্ট শি ভাষণ দেবেন।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করলেও, উত্তর কোরিয়ার জন্য চীনের সহযোগিতা এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশটির অর্থনীতি অনেকাংশেই চীনের ওপর নির্ভরশীল। ফলে চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেই কিমের এই সফর।

তবে এটাও বলা হচ্ছে, এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনার ইঙ্গিত দিতেও পারেন কিম। যদিও এখনো পিয়ংইয়ং ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ফিরতে নারাজ, তবে যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের ছাড় দেয়, তাহলে উত্তর কোরিয়া আলোচনা শুরু করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।