সারাবিশ্ব
তালেবানদের ‘পৃষ্ঠপোষকতা’ করছে ভারত, অভিযোগ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
ভারত আফগানিস্তানের তালেবান সরকারকে ‘পৃষ্ঠপোষকতা’ করছে এবং তাদের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে ‘প্রক্সি যুদ্ধ’ চালাচ্ছে—এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তালেবান সরকারের সিদ্ধান্তগুলো এখন অনেকাংশেই দিল্লির প্রভাব ও পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। যুদ্ধবিরতি বহাল থাকা নিয়েও আমার সন্দেহ আছে।”
খাজা আসিফ আরও অভিযোগ করেন, “এই মুহূর্তে কাবুল কার্যত দিল্লির হয়ে একটি ছায়া যুদ্ধ (shadow war) চালাচ্ছে।”
তিনি ইঙ্গিত দেন, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাম্প্রতিক ভারত সফরের সময় কিছু ‘গোপন পরিকল্পনা’ তৈরি হয়েছে, যা পাকিস্তানের নিরাপত্তার জন্য উদ্বেগজনক হতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে ওই সফরকে বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হয়েছিল।
অন্যদিকে, আফগানিস্তানের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার করাচি বন্দর থেকে আফগান ট্রানজিট ট্রেডের আওতায় পণ্য পরিবহন স্থগিত করেছে।
পাকিস্তানি দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর) ইতোমধ্যে নির্দেশনা জারি করেছে, যার আওতায় দেশের সব বন্দর টার্মিনালে বোঝাই করা কন্টেইনারগুলো খালাস করা শুরু হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনার সূত্রপাত ঘটাতে পারে।