সারাবিশ্ব

ঘরের মধ্যে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, ভর্তি করা হলো হাসপাতালে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০১:২৩ পিএম

ঘরের মধ্যে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, ভর্তি করা হলো হাসপাতালে
মাহাথির মোহাম্মদ। ছবি: সংগৃহীত

ঘরের মধ্যে পড়ে গিয়ে আহত হয়েছেন মালয়েশিয়ার ১০০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার এক সহযোগী বার্তাসংস্থা এএফপিকে মঙ্গলবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

বার্তাসংস্থা এএফপিকে মাহাথিরের সহযোগী সুফি ইউসুফ জানান, পড়ে যাওয়ার পর তাকে দ্রুত কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়। তিনি বলেন, “ঘটনার পর মাহাথির সচেতন ছিলেন। তবে তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

সুফি ইউসুফ আরও জানান, বাসার বারান্দার একটি অংশ থেকে শোবার ঘরের দিকে যাওয়ার সময় তিনি পড়ে যান। তবে তার শারীরিক অবস্থার বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতা ও শারীরিক সমস্যায় ভুগছেন মাহাথির মোহাম্মদ। এর আগে হৃদ্‌রোগজনিত কারণে তার বাইপাস সার্জারিও করা হয়েছিল। গত বছরের জুলাই মাসে ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি পিকনিকে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকেও হাসপাতালে নেওয়া হয়েছিল।

মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার ইতিহাসে একজন প্রভাবশালী ও শ্রদ্ধেয় নেতা হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ সময় ধরে দেশটির নেতৃত্ব দিয়েছেন এবং উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সময় তার বয়স ছিল ৯৪ বছর, যা তাকে বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত সরকারপ্রধানের মর্যাদা দেয়।