সারাবিশ্ব
আইসিজেতে সাক্ষ্য দিতে যাওয়া ৩ রোহিঙ্গার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
মিয়ানমারে সংঘটিত রোহিঙ্গা গণহত্যার বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক আদালত (আইসিজে) এ সাক্ষ্য দিতে যাওয়া তিন রোহিঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। আজ সোমবার (১২ জানুয়ারি) ঢাকার কানাডিয়ান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিজেতে মামলার শুনানিতে অংশ নিতে যাওয়া ওই তিন রোহিঙ্গা প্রতিনিধির সঙ্গে হাইকমিশনারের আলোচনায় মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো দীর্ঘস্থায়ী নিপীড়ন, সহিংসতা এবং অধিকার ও ন্যায়বিচারের জন্য তাদের চলমান সংগ্রামের বিষয়টি উঠে আসে। আন্তর্জাতিক জবাবদিহিতার গুরুত্বের ওপরও এই বৈঠকে আলোকপাত করা হয়।
সাক্ষাৎকালে রোহিঙ্গা প্রতিনিধিরা আইসিজে-তে চলমান মামলায় ভুক্তভোগীদের কণ্ঠস্বর বিশ্বদরবারে তুলে ধরা এবং সার্বিক সমর্থনের জন্য কানাডার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাইকমিশনার অজিত সিং সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে এই প্রতিনিধিদের সাহসিকতার স্বীকৃতি দেন।
একইসঙ্গে তিনি মানবাধিকার, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতি কানাডার অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। কানাডা রোহিঙ্গাদের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রচেষ্টায় সবসময় পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
উল্লেখ্য, নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-তে আজ সোমবার স্থানীয় সময় সকালে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ এই শুনানিপর্ব আগামী তিন সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে। আইনি বিশ্লেষকদের মতে, ভুক্তভোগীদের সরাসরি সাক্ষ্যপ্রদান এই বিচার প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে।