সারাবিশ্ব

মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল সৌদি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল সৌদি
ছবি: সংগৃহীত

মিসর, জর্ডান ও লেবাননে মুসলিম ব্রাদারহুডের কার্যক্রম পরিচালনাকারী শাখাগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। এ পদক্ষেপকে চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছে রিয়াদ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে সৌদি আরবের দৃঢ় সংহতিরই বহিঃপ্রকাশ। একই সঙ্গে এটি আরব অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যকে শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে মুসলিম ব্রাদারহুডকে—বিশেষ করে মিসর, জর্ডান ও লেবাননে সক্রিয় তাদের শাখাগুলোকে—বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এ সিদ্ধান্ত নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা এক নির্বাহী আদেশের ভিত্তিতে।

ট্রাম্প প্রশাসনের দাবি, মুসলিম ব্রাদারহুড ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন দিয়ে আসছে এবং মধ্যপ্রাচ্যে ইসরাইলবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এসব কারণেই সংগঠনটিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখা নিজেদের বৈধ সামাজিক ও রাজনৈতিক সংগঠন হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে তারা পর্দার আড়ালে হামাসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি প্রকাশ্য সমর্থন ও উৎসাহ জুগিয়ে যাচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছেন মিসরীয় মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত প্রধান সালাহ আবদেল হক। তিনি এ সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।