সারাবিশ্ব

উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ
ছবি: সংগৃহীত

ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বানুমতি ছাড়া সব ধরনের ফ্লাইট চলাচল নিষিদ্ধ থাকবে। তবে সীমিত পরিসরে আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটের আগমন ও প্রস্থান অনুমোদন দেওয়া হবে।

বৃহস্পতিবার ভোরে প্রকাশিত এক সরকারি এভিয়েশন নোটিশে এ তথ্য জানানো হয়। ‘নোটিস টু এয়ার মিশনস (নোটাম)’ অনুযায়ী, তেহরানের আকাশসীমা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে শুধুমাত্র ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিশেষ অনুমোদনপ্রাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করতে পারবে।

নোটিশে আরও বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা ইরানে প্রবেশ ও ইরান থেকে বহির্গামী সব ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অভ্যন্তরীণ ফ্লাইটসহ অন্যান্য সব ধরনের বিমান চলাচল সম্পূর্ণভাবে স্থগিত থাকবে। নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বর্তমানে ইরান ইতিহাসের অন্যতম বড় অভ্যন্তরীণ অস্থিরতার মুখোমুখি। দেশটির বিভিন্ন অঞ্চলে সরকারবিরোধী বিক্ষোভ চলমান রয়েছে, যা দিন দিন তীব্রতর হচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক উত্তেজনাও ইরানের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এই পরিস্থিতিতে আকাশসীমা বন্ধের সিদ্ধান্তকে দেশটির নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক মহলেও ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর নজরদারি চলছে। 

বিশ্লেষকদের মতে, পরিস্থিতির উন্নতি না হলে আকাশসীমা বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে।