সারাবিশ্ব
প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্যারোলে মুক্তি পেয়েছেন।
সোমবার (১১ মে) সকালে ব্যাংককের ক্লংপ্রেম সেন্ট্রাল কারাগার থেকে বের হন তিনি।
স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে সাদা শার্ট ও নীল প্যান্ট পরিহিত অবস্থায় কারাগারের মূল ফটক দিয়ে বের হতে দেখা যায় থাকসিনকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য, ফিউ থাই পার্টির নেতাকর্মী এবং ‘রেড শার্ট’ সমর্থকেরা।
কারাগার থেকে বের হয়ে সমর্থকদের দিকে হাত জোড় করে শুভেচ্ছা জানান তিনি। জাতীয় সংগীত বাজানোর সময় থাই জাতীয় পতাকার প্রতিও সম্মান প্রদর্শন করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
পরে একটি মার্সিডিজ-মেবাখ গাড়িতে করে কারাগার ত্যাগ করেন থাকসিন। গাড়ির জানালা খোলা রেখে উপস্থিত সমর্থকদের উদ্দেশে বারবার অভিবাদন জানান তিনি।
থাইল্যান্ডের সংশোধন বিভাগ জানিয়েছে, সাধারণ প্যারোল কর্মসূচির আওতায় মুক্তি পাওয়া ৮৫৯ বন্দির মধ্যে ছিলেন থাকসিন সিনাওয়াত্রা। প্যারোলের শর্ত অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত তাকে ইলেকট্রনিক মনিটরিং ব্রেসলেট পরতে হবে। এছাড়া তিন দিনের মধ্যে ব্যাংকক প্রবেশন অফিসে রিপোর্ট করতে হবে এবং প্রতি মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাজিরা দিতে হবে।
৭৬ বছর বয়সী থাকসিন গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে কারাভোগ করছিলেন। ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাত সংক্রান্ত মামলায় তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট জানিয়েছে, দেশে ফেরার পর কারাগারের বদলে পুলিশ জেনারেল হাসপাতালে দীর্ঘ সময় অবস্থানকে বৈধ কারাভোগ হিসেবে গণ্য করা যাবে না। তবে দুই-তৃতীয়াংশ সাজা ভোগ সম্পন্ন হওয়ায় তিনি প্যারোল পাওয়ার যোগ্যতা অর্জন করেন।
দীর্ঘ ১৫ বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর ২০২৩ সালের আগস্টে দেশে ফেরেন থাকসিন সিনাওয়াত্রা। এরপর থেকেই থাইল্যান্ডের রাজনীতিতে তার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।