সারাবিশ্ব

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনকে ফাঁসিতে ঝোলাল ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:১৬ পিএম

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনকে ফাঁসিতে ঝোলাল ইরান
ছবি: সংগৃহীত

ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বুধবার (১৩ মে) ফাঁসির মাধ্যমে তার দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির নাম ইহসান আফরেসথ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ-এর কাছে ইরানের গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য সরবরাহ করেছেন।

ইরানি কর্তৃপক্ষের দাবি, ইহসান আফরেসথ নেপালে গিয়ে মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। পরে তিনি ইরানের সংবেদনশীল গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে পাচার করেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশে থাকা নিজেদের ৩৩টি ক্ষেপণাস্ত্র স্থাপনার মধ্যে ৩০টির কার্যক্রম পুনরায় চালু করেছে ইরান। এর ফলে ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলো নতুন করে ইরানি ক্ষেপণাস্ত্রের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গোয়েন্দা তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরান এসব স্থাপনায় মোবাইল লঞ্চার ব্যবহার করছে, যার মাধ্যমে দ্রুত বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র মোতায়েন ও উৎক্ষেপণ করা সম্ভব। কিছু সাইটে স্থায়ী লঞ্চ প্যাডও রয়েছে।

মার্কিন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ৩৩টি সাইটের মধ্যে মাত্র তিনটি পুরোপুরি ধ্বংস হয়েছে। বাকি স্থাপনাগুলো আংশিক ক্ষতির পর আবার সচল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: আলজাজিরা, নিউইয়র্ক টাইমস