সারাবিশ্ব
ভারতকে পাল্টা পরমাণু হামলার হুঁশিয়ারি দিলো পাকিস্তান
ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ‘পাকিস্তান ভূগোলে থাকবে নাকি ইতিহাসে বিলীন হবে’ এ মন্তব্য করেন। তার মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর পর এবার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে ভারতের বক্তব্যকে ‘উসকানিমূলক’ ও ‘চরম দায়িত্বহীন’ বলে অভিহিত করেছে।
রোববার (১৭ মে) দেওয়া ওই বিবৃতিতে আইএসপিআর জানায়, কোনো সার্বভৌম ও পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার ধরনের হুমকি দেওয়া অত্যন্ত বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে বলেও সতর্ক করা হয়।
এর আগে শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘ইউনিফর্ম আনভেইলড’ শীর্ষক এক আলোচনায় ভারতের সেনাপ্রধান বলেন, পাকিস্তান যদি সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম ও অনুপ্রবেশ অব্যাহত রাখে, তাহলে দেশটির ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে—তারা ভূগোলে থাকবে নাকি ইতিহাসে বিলীন হয়ে যাবে।
এই মন্তব্যের পরপরই পাকিস্তানের সামরিক বাহিনী কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলে, এ ধরনের বক্তব্য দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে এবং বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করবে।
আইএসপিআর আরও উল্লেখ করে, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নেওয়া এবং রাজনৈতিক-সামরিক নেতৃত্বের এমন অবস্থান অঞ্চলকে বারবার অনিশ্চয়তার মুখে ফেলছে।
বিবৃতিতে পাকিস্তান সতর্ক করে জানায়, কোনো দেশ যদি তাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পথে যায়, তাহলে তার জবাবও হবে সমান ও শক্তিশালী। এমন পরিস্থিতিতে সংঘাত শুরু হলে তা শুধু দুই দেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
উভয় দেশের এমন বক্তব্য-পাল্টা বক্তব্যের পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আরব নিউজ