সারাবিশ্ব

ফ্রান্সে জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১৫ এএম

ফ্রান্সে জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির
ছবিঃ সংগৃহীত

ফ্রান্সে অনুষ্ঠিত জি–৭ সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতিতে একটি অস্বস্তিকর মুহূর্ত তৈরি হয়েছে বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হচ্ছে। পাশ্চাত্য রীতি অনুযায়ী গাল ছুঁয়ে অভিবাদন জানাতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে মুহূর্তের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সম্মেলনের ফাঁকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে কথা বলছিলেন জেলেনস্কি। সেই সময় সেখানে উপস্থিত হন মেলোনি। আকস্মিক সাক্ষাতে দুই নেতা একে অপরকে অভিবাদন জানানোর চেষ্টা করেন। ভিডিও অনুযায়ী, মুহূর্তটি কিছুটা অস্বস্তিকর হলেও পরে তারা পাশ্চাত্য রীতি অনুসারে গাল ছুঁয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে নিজ নিজ স্থানে চলে যান।

এই ঘটনার পাশাপাশি সম্মেলনে আরও একটি ভিন্ন ধরনের আলোচিত মুহূর্তও দেখা যায়, যা অনেকে “মেলোডি মুহূর্ত” হিসেবে উল্লেখ করছেন।

ছবি তোলার আগে রাষ্ট্রনেতারা যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্য থেকে এগিয়ে এসে মেলোনি মোদির সঙ্গে করমর্দন করেন এবং কিছুক্ষণ কথা বলেন। এরপর দুজনকেই হাসিমুখে কথা বলতে দেখা যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এ সময় মেলোনিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, “আপনার সঙ্গে আবার দেখা হয়ে আনন্দিত।” জবাবে মেলোনি হাসতে হাসতে বলেন, “হ্যাঁ, আমরাই তো এখন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুই ধরনের মুহূর্তই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি এসব ব্যক্তিগত মুহূর্ত নিয়েও চলছে আলোচনা ও সমালোচনা।