সারাবিশ্ব
খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ জানাজা ও দাফনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। আগামী ৯ জুলাই তার দাফন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে আশা করছেন ইরানি কর্মকর্তারা। একই সঙ্গে প্রতিবেশী ইরাকেও একটি পৃথক শোকানুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরান ও ধর্মীয় নগরী কোমে শোকানুষ্ঠান শুরু হবে। এরপর ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে, খামেনির জন্মস্থানে তাকে দাফন করা হবে।
শোকানুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এছাড়া ইরাকের কারবালার একটি শিয়া পবিত্র স্থানে পৃথক শোকানুষ্ঠানের পরিকল্পনা থাকলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
৮৬ বছর বয়সী আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার সরকারি বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। নিরাপত্তাজনিত কারণে তার দাফন কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়েছিল। ইরানের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বসহ বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির বিষয়টি বিবেচনায় রেখেই দাফনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।