সারাবিশ্ব

অসুস্থ হয়ে আন্দোলন থেকে সাময়িক বিরতি নিলেন ককরোচ পার্টির দীপকে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

অসুস্থ হয়ে আন্দোলন থেকে সাময়িক বিরতি নিলেন ককরোচ পার্টির দীপকে
ছবিঃ সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনের মধ্যে অসুস্থ হয়ে সাময়িকভাবে আন্দোলন থেকে বিরতি নিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তবে বিশ্রাম শেষে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই আবার আন্দোলনের মঞ্চে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দীপকে জানান, কয়েকদিন ধরে তিনি তীব্র জ্বর ও শরীরব্যথায় ভুগছেন। শারীরিক অসুস্থতা নিয়েই এতদিন আন্দোলনে অংশ নিলেও এখন কয়েক ঘণ্টার বিশ্রাম প্রয়োজন।

পোস্টে তিনি লেখেন, “গত কয়েকদিন ধরে আমার প্রচণ্ড জ্বর ও শরীরব্যথা হচ্ছে। কোনোভাবে টিকে থাকার জন্য ব্যথানাশক ওষুধ খাচ্ছি। আজ যন্তর মন্তরে আমাকে না দেখলে দুঃখিত। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সন্ধ্যার মধ্যেই আবার প্রতিবাদস্থলে ফিরব।”

দীপকে আরও জানান, শারীরিক অসুস্থতা আন্দোলনের প্রতি তাদের অবস্থানকে দুর্বল করবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

এদিকে বুধবার রাতে যন্তর মন্তরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ও বোতল ছুড়ে মারে। তবে এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও নৃশংসতার অভিযোগ তুলেছেন অভিজিৎ দীপকে।

অন্যদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে বিশেষ দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট্র্যাক কোর্ট) গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “দেশের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি।”

মোদি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্টের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি