সারাবিশ্ব
স্পেনে ভয়াবহ দাবানল: মাদ্রিদে জরুরি অবস্থা, সরানো হলো হাজারো মানুষ
ভয়াবহ দাবানলের তাণ্ডবে স্পেনের রাজধানী মাদ্রিদ ও আশপাশের আভিলা প্রদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ অবস্থায় বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার। দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার ও প্রয়োজনীয় জনবল-সরঞ্জাম মোতায়েনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দাবানলের কারণে মাদ্রিদ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব দেওয়া হয়েছে সামরিক জরুরি ইউনিটকে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মাদ্রিদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের আলদেয়া দে ফ্রেসনো এলাকায় ভোরের দিকে সাড়ে তিন হাজার বাসিন্দাকে জরুরি বার্তা পাঠিয়ে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। একই সময়ে আভিলা প্রদেশের বুরগোহন্দো, এল তিয়েম্বলো ও নাভালুয়েঙ্গা পৌরসভার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।
স্পেনের দৈনিক এল পাইসের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এল তিয়েম্বলো এলাকার একটি পর্যটন কমপ্লেক্স ও আবাসিক প্রকল্প থেকে আরও প্রায় ১ হাজার ৫০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে রাজধানী থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের গুয়াদালাহারা প্রদেশে সবচেয়ে বড় দাবানলে গত এক সপ্তাহে প্রায় ৩২ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
ইউরোপীয় বন আগুন তথ্য ব্যবস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরে স্পেনে ইতোমধ্যে প্রায় ১ লাখ ২৫ হাজার হেক্টর এলাকা দাবানলে পুড়ে গেছে।