সারাবিশ্ব
ফ্রান্সে দাবানল উস্কে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেপ্তার ১৬২
ফ্রান্সজুড়ে চলমান দাবানলের মধ্যে অসচেতনতা, অবহেলা এবং ইচ্ছাকৃত অগ্নিসংযোগের অভিযোগে মাত্র ২০ দিনে ১৬২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী সেবাস্টিয়েন লেকোর্নু সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, দাবানল উস্কে দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে এবং আদালতে বিচারের মুখোমুখি করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৬ সালের শুরু থেকেই ফ্রান্সে দাবানলের প্রকোপ বেড়েছে। জানুয়ারি থেকে জুলাই—এই সাত মাসে দেশজুড়ে ১৩ হাজার ৫৬৬টি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। এতে প্রায় ১ লাখ ১৬ হাজার ৮৫ হেক্টর বনভূমি ও গাছপালা পুড়ে গেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ ক্ষয়ক্ষতির রেকর্ড।
এর আগে ২০২২ সালের ভয়াবহ দাবানলে প্রায় ৭২ হাজার হেক্টর এলাকা পুড়ে গিয়েছিল, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ক্ষতির রেকর্ড ছিল।
সেবাস্টিয়েন লেকোর্নু বলেন, ফ্রান্সে প্রতি ১০টি দাবানলের মধ্যে ৯টিই মানবসৃষ্ট। সিগারেটের অবশিষ্টাংশ না নিভিয়ে ফেলে দেওয়া, ঝুঁকিপূর্ণ এলাকায় বারবিকিউ করা, সতর্কতা ছাড়া নির্মাণকাজ পরিচালনাসহ বিভিন্ন অসচেতন কর্মকাণ্ড দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগের মাধ্যমে দাবানল সৃষ্টি করলে এবং আদালতে অপরাধ প্রমাণিত হলে তাকে কমপক্ষে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি