সারাবিশ্ব

আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:০৭ এএম

আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে দাবানল নিয়ন্ত্রণের অভিযানে অংশ নেওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্তৃপক্ষ জানিয়েছে, বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি সান হুয়ানের ইসচিগুয়ালাস্তো প্রাকৃতিক উদ্যানে দাবানল নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিল। পরে এটি পার্শ্ববর্তী লা রিওহা প্রদেশে চলমান দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।

সান হুয়ান প্রদেশের গভর্নর মার্সেলো অরেগো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য এবং বেসামরিক সুরক্ষা বাহিনীর সদস্য রয়েছেন।

আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেজান্দ্রা মন্টেওলিভা নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও সহকর্মীদের পাশে রয়েছেন।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, বুধবার সকালে হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে।

এ ঘটনার পর সান হুয়ানের স্থানীয় সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় ও প্রাদেশিক পতাকা অর্ধনমিত রাখা হবে।

উল্লেখ্য, আয়তনে প্রায় অস্ট্রিয়ার সমান আধা-শুষ্ক অঞ্চল লা রিওহা কয়েক দিন ধরে ভয়াবহ দাবানলের সঙ্গে লড়াই করছে। স্থানীয় দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, গত তিন দিনেই শত শত হেক্টর বনাঞ্চল আগুনে পুড়ে গেছে।