সারাবিশ্ব

পশ্চিমবঙ্গে দুই দিনে ১৫০০ মসজিদের মাইক অপসারণ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:১৯ এএম

পশ্চিমবঙ্গে দুই দিনে ১৫০০ মসজিদের মাইক অপসারণ
ছবিঃ সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গজুড়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। মাত্র ২ দিনের পুলিশি অভিযানে রাজ্যের প্রায় ১,৫০০টি ধর্মীয় উপাসনালয় থেকে লাউডস্পিকার বা মাইক অপসারণ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত শব্দসীমা লঙ্ঘনের দায়ে অন্তত ১,২৭৯টি মসজিদ এবং ১৯৯টি মন্দির কমিটিকে তাদের সাউন্ড সিস্টেম সরিয়ে নেয়ার নির্দেশ দেয় পুলিশ।

এদিকে রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি পক্ষপাতিত্ব না করে ‘সব ধর্মীয় প্রতিষ্ঠানে সমভাবে’ এই আইন প্রয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এবারই প্রথম পুলিশি উদ্যোগে উপাসনালয়গুলোর পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে মাইক বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম সরিয়ে ফেলার কাজ চলছে।

পশ্চিমবঙ্গের ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ ও পরিচালনা) বিধিমালা, ২০০০’ অনুযায়ী, দিনের বেলা (সকাল ৬টা থেকে রাত ১০টা) মাইক বা স্পিকার ব্যবহারের জন্য আগে থেকে পুলিশের অনুমতি গ্রহণ, বাধ্যতামূলক ‘সাউন্ড লিমিটার’ যুক্ত করা এবং শব্দসীমা কঠোরভাবে ৫০ থেকে ৭৫ ডেসিবলের মধ্যে রাখা আবশ্যক।

অপদিকে টাইমস অব ইন্ডিয়াকে কয়েকটি মসজিদ ও মন্দির কমিটির প্রতিনিধিরা জানান, স্থানীয় থানা বা ফাঁড়ির পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত আদেশ দেয়নি, বরং মৌখিকভাবেই মাইক সরিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছিল।