সারাবিশ্ব
প্রচণ্ড দাবানলে জ্বলছে ইউরোপ, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ
প্রচণ্ড দাবদাহ ও দীর্ঘস্থায়ী খরার কারণে ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজার হাজার অগ্নিনির্বাপণকর্মী কাজ করছেন। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে ফ্রান্স, জার্মানি, স্পেনসহ বিভিন্ন দেশের হাজার হাজার বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লান্দেস বিভাগের লুগলোঁ শহরের আশপাশ থেকে নতুন করে অন্তত ১০০ বাসিন্দা ও পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার শুরু হওয়া আগুনে ইতোমধ্যে প্রায় ১ হাজার ৫৮০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় ৫৫০ জন ফায়ারফাইটার কাজ করছেন।
জার্মানির ইফেল অঞ্চলেও দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের হুরটগেনওয়াল্ড এলাকা থেকে প্রায় ১ হাজার ৮০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় ১৪০টি ফায়ার ব্রিগেডের দল কাজ করছে। বেলজিয়ামের ফাগনেস প্রাকৃতিক উদ্যানেও দাবানলে প্রায় ১৬ বর্গকিলোমিটার বনভূমি পুড়ে গেছে।
স্পেনের আরাগন অঞ্চলে আগুনে ১৫ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। সেখান থেকে প্রায় ১ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে দমকলকর্মীরা আগুনকে বসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়া থেকে ঠেকাতে সক্ষম হয়েছেন। আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা কমার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।
গ্রিসে গত ২৪ ঘণ্টায় ৫০টিরও বেশি কৃষি ও বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। তবে বেশিরভাগ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দেশটির ফায়ার সার্ভিস। তীব্র বাতাসের কারণে সেখানে উচ্চ সতর্কতা জারি রয়েছে।
এদিকে ক্রোয়েশিয়ার ডুগি ওটোক দ্বীপে শতাধিক অগ্নিনির্বাপণকর্মী ও দুটি ওয়াটার-বোম্বিং বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সার্বিয়াতেও প্রায় ২৫টি বনাঞ্চলের আগুনের সঙ্গে লড়াই করছে কর্তৃপক্ষ। রাজধানী বেলগ্রেডের কাছে দেলিব্লাতস্কা জাতীয় উদ্যানে দাবানলে প্রায় ২৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন জানিয়েছেন, পুরো ইউরোপ বর্তমানে উচ্চ দাবানল সতর্কতার মধ্যে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস উপগ্রহ স্পেন, আলবেনিয়া, গ্রিস, ফ্রান্স, জার্মানি ও সার্বিয়ায় দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ ও জরুরি সহায়তায় কাজ করছে।
আক্রান্ত দেশগুলোকে সহায়তা দিতে ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজমও প্রস্তুত রয়েছে।
সূত্র: ইউরোনিউজ