সারাবিশ্ব
হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ১২
হাঙ্গেরির একটি মহাসড়ক থেকে পর্যটকবাহী একটি বাস ছিটকে খাদে পড়ে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েক ডজন যাত্রী আহত হয়েছেন।
আজ রবিবার (১৬ আগস্ট) স্থানীয় সময় রাত ১টার দিকে (বাংলাদেশ সময় রবিবার ভোর ৫টা) রাজধানী বুদাপেস্ট থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর নিয়িরেগিহাজা যাওয়ার পথে এম-৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়।
পুলিশের ধারণা, বাসটির চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনার পর তাকে হেফাজতে নেয়া হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বাসটিতে ৫৭ জন যাত্রী ও দুইজন চালক ছিলেন। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ৩৫ জন যাত্রীকে উদ্ধার করেছেন। দুর্ঘটনার পর বাসটির নিচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে জরুরি বিভাগের কর্মীরা প্রথমে ২৪ টন ওজনের বাসটির পেছনের অ্যাক্সেল ওপরে তোলার চেষ্টা করেন। পরে ক্রেন এনে পুরো বাসটি তুলে উদ্ধারের কাজ শুরু করা হয়।
হাঙ্গেরির অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ৯ জন গুরুতর আহত এবং আরও ৩৭ জন সামান্য আহত হয়েছেন।
এ ঘটনায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
সূত্র: বিবিসি।