সারাবিশ্ব

ইসলামে ‘অনুমতি নেই’ জানিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করল তালেবান সরকার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

ইসলামে ‘অনুমতি নেই’ জানিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করল তালেবান সরকার
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করে সদ্য অনুমোদিত পুলিশি আইনের পক্ষে অবস্থান নিয়েছে তালেবান সরকার। সংগঠনটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, ইসলামী আইনে বিক্ষোভের কোনো সুযোগ নেই।

গত বুধবার ২ সেপ্টেম্বর কাবুলে এক সংবাদ সম্মেলনে জবিউল্লাহ মুজাহিদ বলেন, নতুন আইনটি ইসলামী আইনের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তার ভাষ্য, বিক্ষোভ এমন সমাজব্যবস্থার অংশ, যেখানে গণতন্ত্র বা প্রজাতন্ত্রের মতো ভিন্ন ধরনের আইন ও শাসনব্যবস্থা কার্যকর রয়েছে।

তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরের বেশি সময় পর আফগানিস্তানে বিক্ষোভ এমনিতেই বিরল হয়ে পড়েছে। এর মধ্যেই গত মাসে তালেবান সরকার নতুন একটি নিয়ম জারি করে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করে।

নতুন এই আইনের তীব্র সমালোচনা করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তাদের অভিযোগ, আইনটি আফগানিস্তানে ভিন্নমত দমনের আরও একটি কঠোর পদক্ষেপ।

তবে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ইসলামী ব্যবস্থায় জনগণ রাজপথে বিক্ষোভ না করে সরকারের কাছে তাদের অভিযোগ ও উদ্বেগ জানাতে পারে।