সারাবিশ্ব
সৌদি আরবের কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
সৌদি আরবের কাছে প্রায় ৫৭৫ কোটি মার্কিন ডলার মূল্যের অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।
অনুমোদিত চুক্তির বড় অংশজুড়ে রয়েছে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। এর আওতায় প্রায় ৫০০ কোটি ডলারের জেডিএএম-ইআর পাবে সৌদি আরব। আকাশ থেকে নিক্ষেপযোগ্য এসব সমরাস্ত্রের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।
বাকি ৭৫ কোটি ডলারের চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক ট্যাংকে ব্যবহারের জন্য উন্নত প্রযুক্তির এজিটি-১৫০০ ইঞ্জিন সরবরাহ করা হবে। এসব ইঞ্জিন সরবরাহের মূল দায়িত্বে রয়েছে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান হানিওয়েল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব সামরিক সরঞ্জাম সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে দেশটি বর্তমান ও ভবিষ্যতের আঞ্চলিক হুমকি মোকাবিলা এবং নিজস্ব ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় আরও সক্ষম হবে।
পাশাপাশি এসব সরঞ্জাম মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী ও উপসাগরীয় মিত্রদের সামরিক কার্যক্রমের সঙ্গে সৌদি আরবের আন্তঃসমন্বয় বাড়াতেও সহায়ক হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার মূল লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে প্রধান ন্যাটো-বহির্ভূত মিত্র হিসেবে সৌদি আরবের সার্বিক নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের অংশ হিসেবেই এ অনুমোদন দেওয়া হয়েছে।