সারাবিশ্ব
প্রশান্ত মহাসাগরের লুকিয়ে আছে বিপুল স্বর্ণ-রুপা, সন্ধান পেলেন বিজ্ঞানীরা
প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার মজুতের সন্ধান পেয়েছেন চীনা বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, ওই এলাকায় স্বর্ণ ও রুপার ঘনত্ব এতটাই বেশি যে এ ধরনের খনিজভান্ডার অত্যন্ত বিরল। তাদের ধারণা, সমুদ্রতলের এই খনিজভান্ডারের অর্থনৈতিক মূল্যও অনেক বেশি।
উইয়ন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়, চিংদাও সামুদ্রিক ভূতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠান ও সাংহাই চিয়াও থং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ অভিযানে এই সন্ধান পাওয়া যায়। পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি এলাকায় সমুদ্রতলের উত্তপ্ত খনিজসমৃদ্ধ তরল নির্গমনের অঞ্চলে এসব খনিজের সন্ধান মিলেছে।
গবেষকেরা সমুদ্রতলে শঙ্কু আকৃতির তিনটি বড় খনিজ স্তর খুঁজে পেয়েছেন। এগুলো মূলত উত্তপ্ত তরল থেকে তৈরি সালফাইডের স্তর। সাধারণত এসব স্তরে তামা, দস্তা ও সিসার পাশাপাশি অল্প পরিমাণে স্বর্ণ ও রুপা থাকে। তবে এবারের সংগৃহীত নমুনায় মূল্যবান এই দুই ধাতুর পরিমাণ অন্যান্য ধাতুর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি পাওয়া গেছে।
গবেষণায় পাওয়া কিছু নমুনায় স্থলভাগের আকরিকের তুলনায়ও বেশি স্বর্ণ ও রুপার উপস্থিতি দেখা গেছে। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, প্রতি মার্কিন শর্ট টন আকরিকে স্বর্ণের ঘনত্ব সর্বোচ্চ শূন্য দশমিক ৪৫ ট্রয় আউন্স এবং রুপার ঘনত্ব ৩৬ দশমিক ৩ ট্রয় আউন্স পর্যন্ত রয়েছে।
এ ছাড়া কিছু নমুনায় প্রতি টন আকরিকে স্বর্ণের পরিমাণ ১৫ দশমিক ৪ গ্রাম এবং রুপার পরিমাণ সর্বোচ্চ ১ হাজার ২৭১ গ্রাম পর্যন্ত পাওয়া গেছে।
গবেষণা দলের অন্যতম প্রধান বিজ্ঞানী সং শিজি জানিয়েছেন, বিশাল এই সমুদ্রতলের খনিজ এলাকার অত্যন্ত উচ্চ অর্থনৈতিক মূল্য রয়েছে। গবেষকদের ধারণা, ওই অঞ্চলে থাকা বহু ধাতব সালফাইডের সম্ভাব্য মজুত বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রতলীয় খনিজভান্ডারগুলোর সমপর্যায়ের হতে পারে।
গত ১০ আগস্ট চীনের শেনজেন থেকে গবেষণা জাহাজ শিয়াং ইয়াং হং ১০ এ করে ১৮ দিনের অভিযান শুরু করেন গবেষকেরা। অভিযানের সময় বিশেষ ডুবযান ব্যবহার করে সাতবার সমুদ্রতলে নামেন তারা।
পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি পশ্চাৎধনুক অববাহিকায় অভিযান চালানোর সময় গবেষকেরা এই বিশাল উত্তপ্ত খনিজ নির্গমন এলাকার সন্ধান পান।
সামুদ্রিক চলাচলের তথ্য অনুযায়ী, অভিযানের সময় গবেষণা জাহাজটি তাইওয়ানের উত্তর ও পূর্বাঞ্চল এবং ফিলিপাইনের উত্তরের জলসীমা দিয়ে চলাচল করেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খনিজের সন্ধান পাওয়া অববাহিকাটি চীনের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে অবস্থিত। তবে ওই এলাকার সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
সমুদ্রের তলদেশ থেকে এ ধরনের খনিজ উত্তোলন নিয়ে আন্তর্জাতিকভাবে বিতর্ক রয়েছে। বিশেষ করে এর পরিবেশগত প্রভাব এবং গভীর সমুদ্রে খনন কার্যক্রমের সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে।