সারাবিশ্ব

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’ নামে একটি বিল পাস হয়েছে। বিলটি পাস হওয়ায় ভারতসহ ১০টি দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপের সুযোগ তৈরি হয়েছে।

ভারত ছাড়াও তালিকায় রয়েছে চীন, হাঙ্গেরি, আজারবাইজান, তুরস্ক, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তান।

মার্কিন সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রতিনিধি পরিষদে ভোটাভুটির জন্য বিলটি উত্থাপন করা হয়। ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদের মধ্যে ৪২১ জন ভোট দেন। তাদের মধ্যে ২৬২ জন বিলটির পক্ষে এবং ১৫৯ জন বিপক্ষে ভোট দেন।

এর আগে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’ পাস হয়েছিল। নিম্নকক্ষেও বিলটি পাস হওয়ায় এখন এটি যাবে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

বিলটির মূল বক্তব্য হলো, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রুশ জ্বালানি তেলের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেসব দেশ রাশিয়ার কাছ থেকে নিয়মিত তেল কিনছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখতে চায় যুক্তরাষ্ট্র।

প্রস্তাবিত আইনে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল কেনা দেশগুলোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের বাজারে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মতে, রাশিয়ার তেল বিক্রির আয় দেশটির অর্থনীতিকে শক্তিশালী করছে এবং এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’ বিলটির অন্যতম প্রধান প্রস্তাবক ছিলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের সমর্থক হিসেবেও পরিচিত।

গত ৭ আগস্ট বিলটি সিনেটে পাস হওয়ার পর চার দিন পর ওয়াশিংটনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লিন্ডসে গ্রাহামের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র, এপি, দ্য হিন্দু