সারাবিশ্ব
সুইজারল্যান্ডে পাহাড়ে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চল ভ্যালেস ক্যান্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। বিমানে থাকা তিন আরোহীর সবাই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান।
বৃহস্পতিবার স্থানীয় সম্প্রচারমাধ্যম সুইসইনফোর বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
ভ্যালেস ক্যান্টন পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে এক ইঞ্জিনের সার্কাস এসআর২২টি মডেলের একটি হালকা বিমান টিচিনো ক্যান্টনের লুগানো শহর থেকে উড্ডয়ন করে। পরে ভ্যালেস ক্যান্টনের লেউকারবাড পৌরসভার কাছে দুর্গম একটি পাহাড়ের ঢালে বিমানটি আছড়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত তিনটি উদ্ধারকারী হেলিকপ্টার ও দুজন বিশেষজ্ঞ উদ্ধারকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে পৌঁছে উদ্ধারকর্মীরা বিমানে থাকা তিন আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করতে জটিলতা দেখা দেওয়ায় দুর্ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা সময় লেগেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এখনো চলছে।
বিমানটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।