সারাবিশ্ব
মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সৌদি আরবের পাশে দাঁড়াতে তুরস্ক দৃঢ় সংকল্প এবং প্রয়োজন হলে বিশেষ করে কারিগরি সামরিক বিষয়ে সহায়তা দিতে প্রস্তুত।
গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নেতারা পবিত্র নগরী মক্কায় একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
স্থানীয় সংবাদমাধ্যম এনটিভিকে শনিবার হাকান ফিদান বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার ওপর গুরুতর হামলা হচ্ছে। সৌদির সঙ্গে তুরস্কের একটি চুক্তি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশটির কিছু সামরিক সহায়তা প্রয়োজন, বিশেষ করে কারিগরি বিষয়ে। এসব সহায়তা দিতে তুরস্কের কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।
এর আগে শনিবার হুথি বিদ্রোহীরা দাবি করে, সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে তারা। একই সঙ্গে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকোর অবকাঠামোতেও হামলার দাবি করা হয়।
হামলার পর রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। পরে জানা যায়, বিমানবন্দরের কাছে আরামকোর একটি ডিপোতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ওই ডিপোতে বিমানের জ্বালানি মজুত ছিল।
হামলার পর রিয়াদের বিমানবন্দরে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। এ সময় শত শত ফ্লাইট বাতিল হওয়ার পাশাপাশি আরও কয়েকশ ফ্লাইটে বড় ধরনের বিলম্ব হয়।