সারাবিশ্ব
জেনে নিন এশিয়ার কোন দেশে জ্বালানি তেলের দাম কত
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতার প্রভাব পড়ছে এশিয়ার বিভিন্ন দেশের জ্বালানি বাজারে। কোনো কোনো দেশে ভর্তুকি দিয়ে জ্বালানির দাম তুলনামূলক কম রাখা হচ্ছে, আবার কোথাও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয় করা হচ্ছে।
এরই মধ্যে বাংলাদেশে ২১ সেপ্টেম্বর থেকে প্রধান চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হওয়ার পর দেশের ইতিহাসে সর্বোচ্চ খুচরা দরে পৌঁছেছে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন।
বিশ্বজুড়ে জ্বালানি তেলের খুচরা বাজারদর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গ্লোবাল পেট্রোল প্রাইসেসের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা।
ভারত
বাংলাদেশের প্রতিবেশী ভারতে কেন্দ্র ও রাজ্য সরকারের কর এবং স্থানীয় বাজার ব্যবস্থার কারণে শহরভেদে জ্বালানির দামে পার্থক্য রয়েছে।
২১ সেপ্টেম্বর কলকাতায় প্রতি লিটার ডিজেল ৯৯ দশমিক ৮২ রুপিতে বিক্রি হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৪ দশমিক ৭৬ টাকা। আর প্রতি লিটার পেট্রোলের দাম ১১৩ দশমিক ৫১ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬১ দশমিক ৫০ টাকা।
এ ছাড়া দিল্লিতে প্রতি লিটার পেট্রোল ১০১ দশমিক ৯৬ রুপি, মুম্বাইয়ে ১১১ দশমিক ২১ রুপি এবং চেন্নাইয়ে ১০৭ দশমিক ৭৬ রুপিতে বিক্রি হচ্ছে।
পাকিস্তান
পাকিস্তানে জ্বালানির দাম বর্তমানে বাংলাদেশের তুলনায় বেশি। দেশটিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৩৮৯ দশমিক ১৪ রুপি এবং উচ্চগতির ডিজেলের দাম ৪২৪ দশমিক ০৪ রুপি।
তবে দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিলে পাকিস্তানে পেট্রোলের দাম প্রতি লিটার ১ হাজার রুপিতে পৌঁছাতে পারে।
নেপাল
নেপালের জ্বালানি নিয়ন্ত্রণকারী সংস্থার সর্বশেষ সংশোধিত মূল্য অনুযায়ী, দেশটিতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ২০০ নেপালি রুপি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬১ টাকা।
তবে পাহাড়ি ও দুর্গম অঞ্চলে পরিবহন ব্যয়ের কারণে জেলাভেদে খুচরা দামে ১ থেকে ২ রুপির সামান্য পার্থক্য দেখা যায়।
শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, দেশটিতে বিভিন্ন ধরনের জ্বালানির দামে পার্থক্য রয়েছে।
বর্তমানে বহুল ব্যবহৃত ৯২ অকটেন পেট্রোল প্রতি লিটার ৩৯৯ শ্রীলঙ্কান রুপি এবং ৯৫ অকটেন প্রিমিয়াম পেট্রোল ৪৭৫ রুপিতে বিক্রি হচ্ছে।
অন্যদিকে সাধারণ অটো ডিজেলের দাম প্রতি লিটার ৩৮২ শ্রীলঙ্কান রুপি এবং সুপার ডিজেলের দাম ৪৭৮ রুপি।
মালয়েশিয়া
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় ভর্তুকিযুক্ত পেট্রোলের দাম তুলনামূলক কম রাখা হয়েছে। দেশটির নিম্ন আয়ের নাগরিকদের জন্য ভর্তুকিযুক্ত পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১ দশমিক ৯৯ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৫৮ টাকা।
তবে উচ্চ আয়ের নাগরিকদের ক্ষেত্রে জ্বালানির দাম তুলনামূলক বেশি। বিশ্বব্যাংকের তথ্যেও মালয়েশিয়ার লক্ষ্যভিত্তিক জ্বালানি ভর্তুকি ব্যবস্থার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
থাইল্যান্ড
থাইল্যান্ডে প্রতি লিটার ডিজেলের দাম ৪০ দশমিক ৬৯ বাত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫১ দশমিক ২২ টাকা। আর পেট্রোলের দাম প্রতি লিটার ৪৯ দশমিক ১৬ বাত, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮১ দশমিক ৪০ টাকা।
ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ায় বর্তমানে প্রতি লিটার ৯৫ অকটেন পেট্রোলের দাম ১৬ হাজার ৬০০ রুপিয়াহ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১৫ টাকা।
তবে দেশটিতে বাণিজ্যিক ও উন্নতমানের ডিজেলের দাম তুলনামূলক বেশি। প্রতি লিটার এসব ডিজেলের দাম প্রায় ২৫ হাজার ৪২০ রুপিয়াহ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৬ টাকা।
চীন
চীনের জ্বালানি বাজারে সরকার শুল্ক ও ভর্তুকি ব্যবস্থার সমন্বয় করে থাকে। দেশটিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮ দশমিক ৬১ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৭ টাকা।
অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম ৭ দশমিক ৬৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২২ টাকা।
মিয়ানমার
বাংলাদেশের আরেক প্রতিবেশী মিয়ানমারে সামরিক শাসন ও অভ্যন্তরীণ সংকটের কারণে জ্বালানি বাজারে ভিন্ন পরিস্থিতি দেখা যাচ্ছে।
দেশটিতে প্রতি লিটার পেট্রোলের দাম প্রায় ৪ হাজার ৯২ দশমিক ৫৬ কিয়াট এবং ডিজেলের দাম ৪ হাজার ৩৩০ দশমিক ৯৮ কিয়াট। বাংলাদেশি মুদ্রায় পেট্রোলের দাম প্রায় ১৫৪ টাকা এবং ডিজেলের দাম প্রায় ১৬৪ টাকা।
ভিয়েতনাম
ভিয়েতনামে জ্বালানির দাম তুলনামূলক স্থিতিশীল। দেশটিতে প্রতি লিটার পেট্রোলের দাম ২৪ হাজার ২২ ভিয়েতনামি ডং, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৯ টাকা।
অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম ২৮ হাজার ৭৬০ ডং, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪২ টাকা।
জাপান
উন্নত দেশ জাপানে জ্বালানির ওপর পরিবেশ ও জ্বালানি সংক্রান্ত বিভিন্ন কর আরোপ করা হয়। দেশটিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১৭২ ইয়েন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩৫ টাকা।
এ ছাড়া প্রতি লিটার ডিজেলের দাম ১৬১ ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৬ টাকা।
সূত্র, গ্লোবাল পেট্রোল প্রাইসেস