সারাবিশ্ব

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ এএম

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
ছবি: সংগৃহীত

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি। মঙ্গলবার রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে দেশটির সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেন এবং নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।

২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত মরক্কোর পার্লামেন্ট নির্বাচনে ফাতিমা ইজ্জাহরার দল অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি ৩৯৫ আসনের মধ্যে ৯৭টি আসন পেয়ে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে দলটিকে অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে হবে।

রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৯ সেপ্টেম্বর রাবাতের রাজপ্রাসাদে ফাতিমা ইজ্জাহরা এল মানসুরির সঙ্গে সাক্ষাৎ করেন রাজা ষষ্ঠ মোহাম্মদ। এরপর সংবিধানের ৪৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাকে সরকারপ্রধান নিয়োগ করে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়।

৫০ বছর বয়সী ফাতিমা ইজ্জাহরা পেশায় আইনজীবী ও রাজনীতিবিদ। এর আগে তিনি মরক্কোর নগর পরিকল্পনা, আবাসন ও নগরনীতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি মারাকেশের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০০৯ সালে মারাকেশের মেয়র নির্বাচিত হয়ে তিনি শহরটির প্রথম নারী মেয়র হন। পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন এবং ২০২১ সালে মন্ত্রিসভায় যোগ দেন। ২০২৪ সাল থেকে তিনি অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টির যৌথ নেতৃত্বের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর ফাতিমা ইজ্জাহরা এটিকে মরক্কোর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তার নিয়োগের মধ্য দিয়ে আরব বিশ্বের দ্বিতীয় নারী হিসেবে সরকারপ্রধান হওয়ার সুযোগও তৈরি হয়েছে। এর আগে তিউনিসিয়ার নাজলা বুদেন আরব বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন।

নতুন সরকার গঠনের পাশাপাশি ফাতিমা ইজ্জাহরার সরকারের সামনে অর্থনীতি, কর্মসংস্থান এবং ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মরক্কো স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ওই বিশ্বকাপ আয়োজন করবে।

সূত্র: এএফপি