সারাবিশ্ব
জাতিসংঘ অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার ইরানের দুই প্রতিনিধি
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ অমান্য করায় ইরানের দুই প্রতিনিধিকে দেশটি থেকে বহিষ্কার করেছে ওয়াশিংটন। নিউইয়র্কে অবস্থান অব্যাহত রাখায় তাদের পুনরায় দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।
এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি প্রতিনিধিদলের ওই দুই কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে নির্দেশ অমান্য করে তারা নিউইয়র্কে অবস্থান করছিলেন।
শুক্রবারও তাদের নিউইয়র্কে অবস্থানের বিষয়টি জানতে পেরে নতুন করে দেশ ছাড়ার নির্দেশ দেয় ওয়াশিংটন। পরে একজন শুক্রবার রাতে এবং অন্যজন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানকে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর জন্য একাধিকবার সুযোগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানবিরোধী মার্কিন অভিযান অনির্দিষ্টকাল ধরে চলবে না বলেও জানিয়েছেন তিনি।
হেগসেথের দাবি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এমন বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, প্রণালিটিতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কেশম দ্বীপের আকাশে একটি শত্রুভাবাপন্ন উড়োজাহাজকে আঘাত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
সূত্র: শাফাক নিউজ